বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ‘তারেক রহমান যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন। গত সংসদ নির্বাচনে গণভোট ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবানের লামা উপজেলা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিশের নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই। বাস্তবে মাঠে পর্যায়ে কৃষকরা সার পাচ্ছে না, দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই, ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।’
তিনি এসময় আওয়ামী লীগের শাসনামল নিয়েও সমালোচনা করেন। মামুনুল হক বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের কোনো সভা সমাবেশ করতে দেয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলা করে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা, কিন্তু বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে তাদের ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট।’
বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম।
সমাবেশে বক্তারা ইসলামের মূল নীতির আলোকে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
পূর্বকোণ/রানা/এএইচ


















