চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মাতামুহুরীতে বিদ্যালয় মাঠ দখল করে পশুর হাট, অবশেষে উচ্ছেদ করলো প্রশাসন

মাতামুহুরীতে বিদ্যালয় মাঠ দখল করে পশুর হাট, অবশেষে উচ্ছেদ করলো প্রশাসন

চকরিয়া সংবাদদাতা

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরীতে বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে প্রশাসন।

উচ্চ আদালতের নির্দেশনার প্রায় একমাস পর কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে অবৈধ পশুর হাটটি উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়ের দখল করে পশুর হাট গড়ে ওঠার পর স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়রা জানান, কোনো ধরনের সরকারি ইজারা বা অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে পশুরহাট বসানো হচ্ছিল। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি হাটের দিনগুলোতে মাঠ লাগোয়া সড়কে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হতো।

বিদ্যালয় মাঠে হাট বসানোর ঘটনায় চকরিয়া পৌরসভার কাজির পাড়ার শামীম ওসমান বাদী হয়ে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন এক বিএনপি নেতাসহ ছয়জনকে বিবাদী করে হাইকোর্টে রিট পিটিশন করেন।

রিটকারী শামীম ওসমান বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে অবৈধভাবে পশুরহাট বসিয়ে হাসিল এর নামে একটি চক্র লাখ লাখ টাকা আদায় করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। জনস্বার্থে এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে আমি রিট করেছি।

সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, জনস্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ পশুর হাটটি উচ্ছেদ করা হয়েছে। সরকারি বিধি-বিধান অমান্য করে কাউকে অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় অবৈধভাবে বাজার বসাতে না পারে, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট