চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনভূমি দখল, পাহাড় কাটা এবং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ঘর নির্মাণের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার হরিহর ও কোদালা বিটের ‘সাদেকের ঘোনা’ এলাকায় অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীন।
বনবিভাগ সূত্রে জানা যায়, কোদালা বিটের ‘সাদেকের ঘোনা’ এলাকায় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা একটি স্থানে পাহাড় কেটে অবৈধভাবে ঘর নির্মাণ করছিল একটি চক্র। খবর পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সরকারি ভূমি দখলমুক্ত করেন এবং অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেন।
এছাড়া নারিশ্চা বিটের হরিহর এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। এর আগে গত ২৬ আগস্টও একই এলাকায় অবৈধ দখলবিরোধী অভিযান পরিচালনা করেছিল বনবিভাগ।
ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দিন বলেন, দেশের বনভূমি ও পাহাড় রক্ষায় বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। সরকারি সম্পদ বিনষ্ট করা এবং পাহাড় কাটার মতো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে বন আইনে সুনির্দিষ্ট মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/রাকিব/এএইচ

















