অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অপরাধে কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলায় বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণসহ নানা অপরাধে জানারঘোনা এলাকায় ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকায় সুগন্ধা এলাকায় সালমান বার্মিজ শপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান, ফার্মেসিসহঅন্যান্য প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে জানান ভোক্তার এই কর্মকর্তা।
এর আগে বুধবার রামু উপজেলার হাট বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছিল জেলা ভোক্তা অধিকার।
পূর্বকোণ/নুসরাত/এএইচ

















