চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত, আহত বাবা

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা আশিশ বণিক।

 

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ এলাকায় চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দেবরাজ বণিক জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দোকান বন্ধ করে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দেবরাজ। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।

 

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবরাজ বণিককে মৃত ঘোষণা করেন। আহত আশিশ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেবরাজ বণিক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট