টেকনাফে কোস্টগার্ড পৃথক ৩টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মায়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে টেকনাফ থানার জালিয়ার দ্বীপ এবং জালিয়া পাড়া এলাকায় দুইটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা জালিয়ার দ্বীপ প্যারাবন এবং কেওড়া বনে তাদের বহনকারী কাঠের বোট দুইটি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ বোট দুটি জব্দ করে।
কোস্টগার্ড অরো জানায়, মাদক পাচারে সম্পৃক্ত ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, জব্দকৃত সকল আলামত ও আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/আদর/পারভেজ

















