চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে যুবককে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি, সেই লুদু ধরা

কক্সবাজার প্রতিনিধি

২ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় জমি বিরোধের জেরে একরাম (৩২) নামে এক রাজমিস্ত্রিকে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবুল মনসুর লুদু নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কক্সবাজার শহরের সিটি কলেজ লাগোয়া সাহিত্যিকাপল্লী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে রাত ১টায় শহরের হাসেমিয়া মাদ্রাসা এলাকা থেকে অভিযান চালিয়ে লুদুকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আবুল মনসুর লুদু ওই এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের ছেলে।

গুলির শিকার একরামের স্বজনেরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় মুবিন, জাহেদ, সাদ্দাম ও লুদুসহ চারজন তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে একরামের পেটে অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। তারই জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পাওয়ার পরপরই সাহিত্যিকাপল্লী এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, হামলার মূল কারণ, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট