চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে এক একর সরকারি ভূমি প্রটেক্টিভ ফরেস্ট (পিএফ) জবরদখল থেকে মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজানগর ইছামতী রেঞ্জের আওতাধীন ঠান্ডাছড়ি মৌজার ২০ নম্বর এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সরকারি জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তবে বনকর্মীদের নিয়মিত নজরদারি ও টহলের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার নিয়মিত টহলের সময় বন বিভাগের একটি দল দেখতে পায়, ওই চক্রটি গোপনে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানকে জানানো হলে তার নির্দেশনায় ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।
পরে স্থানীয় প্রশাসন সেখানে নির্মাণ করা অবৈধ স্থাপনা ও ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়। অভিযানে স্থাপনাসহ প্রায় এক একর সরকারি জমি জবরদখলমুক্ত করা হয়। এ সময় দখলদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পূর্বেও এমন অভিযানে ঘর নির্মাণ বন্ধ করে দেয়া হয়। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্বকোণ/পারভেজ

















