বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছাইংগা দানেশ পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ছাইংগা দানেশ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া মোম বান্দরবান সদর উপজেলার কালাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাদিয়া মোম গোসল করার জন্য পুকুরে নামার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত রোয়াংছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা সাদিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার এসআই মোহাম্মদ লোকমান জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















