কক্সবাজারের পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে কাঠ ব্যবসায়ী মো. কাইছার উদ্দিনের মালিকানাধীন কাঠ চিরাই মেশিনঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করাতকল ও বিপুল পরিমাণ মজুদ করা গাছ সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী কাইছার বলেন, রাত ৩টায় কয়েকজন ব্যবসায়ী মোবাইল করে জানান- তার মিলে আগুন লেগেছে। তিনি কয়েকজন ব্যবসায়ীকে আগুন লাগার বিষয়টি অবগত করার পর তারা গিয়ে আগুন নেভার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন সবকিছু গ্রাস করে ফেলে। তারা জানান, পরিকল্পিতভাবে স’মিলে আগুন দিয়েছে। কাইছারের স’মিলের পাশে লাগোয়া আরেকটি স’মিল আছে। কিন্তু সেটি অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, আমি বাড়ি থেকে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। এতে আমার ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ বছর ধরে ব্যবসা করে আসছি। কারো সঙ্গে আমার কোন ধরণের শত্রুতা নেই। ব্যবসায়ীক দ্বন্দ্ব নেই। আমি আওয়ামীলীগ করি। এটাই আমার অপরাধ। স্থানীয়দের ধারণা আগুন দেওয়ার আগে দুর্বৃত্ত পেট্রোল জাতীয় কিছু ছিটিয়েছে। এরপর আগুন দিয়েছে। আগুন লাগার ধরণ দেখে বুঝা যায় এটি পরিকল্পিত শত্রুতা। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাইছার।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।
পূর্বকোণ/এমরান/নুসরাত/এএইচ


















