চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতকাজ চলছিল। সোমবার ঘরের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন আবদুর রহমান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাথরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান এবং অটোরিকশা চালিয়ে সংসারে আর্থিক সহযোগিতা করতেন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন।
পূর্বকোণ/আরআর

















