চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা

সাতকানিয়া সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল আলম (৩৫) প্রকাশ পিচ্চি জাহেদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগর ভাঙারগোড়া এলাকায় ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত জাহেদুল আলম পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকার মৃত মো. নুরুর প্রকাশ সর্বহারা নুরুর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ভাঙারগোড়া এলাকায় দুর্বৃত্তরা জাহেদুলের গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রাতে মোটর সাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট