চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় পুলিশ বাহিনী যৌথভাবে অংশ নেয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি সন্দেহজনক বসত বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়িটি থেকে আনুমানিক ২ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক ছাড়াও তল্লাশিতে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১টি রকেট সিগন্যাল, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১ রাউন্ড রাবার বুলেট, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অবৈধ মাদক ও অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃত মাদক ব্যবসায়ী এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অবৈধ আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান












