চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লিটক্রে সড়কে জিপ উল্টে চালক নিহত, আহত ৩

লিটক্রে সড়কে জিপ উল্টে চালক নিহত, আহত ৩

বান্দরবান সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জিপে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কের রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিপচালক মো. দেরাজ মিঞা (৫৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে।

আহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।

স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত চালক ও আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত আবদুর রহিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে স্থানীয়ভাবে পাথর ও বালু সরবরাহ এবং সড়কের কার্পেটিংয়ের কাজ করে আসছেন। সকালে রেমংপাড়া ক্যাম্পের আশপাশের কাজের স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের আঘাত সামান্য। অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জিপচালক ঘটনাস্থলেই মারা যান।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও থানচি থানা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে নিহত ও আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট