চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পরিবেশ ঝুঁকি উপেক্ষা করে কক্সবাজারে সড়ক প্রকল্প : পুনর্মূল্যায়নের আহ্বান

পরিবেশ ঝুঁকি উপেক্ষা করে কক্সবাজারে সড়ক প্রকল্প : পুনর্মূল্যায়নের আহ্বান

কক্সবাজার সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৭:১৩ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে প্রাকৃতিক বালিয়ারি ও উপকূলীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত করে সড়ক নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। একই সঙ্গে পরিবেশগত ও জলবায়ু ঝুঁকি বিবেচনা করে চলমান নির্মাণকাজ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে নগর পরিকল্পনাবিদদের এই জাতীয় সংগঠনটি।

রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইপি এ দাবি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার পৌরসভা বাস্তবায়িত ‘নগর উন্নয়ন ও নগর শাসন’ প্রকল্পের আওতায় জাইকার (JICA) অর্থায়নে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সাইমন পর্যন্ত বালিয়ারি ধ্বংস করে এই উপকূলীয় সড়ক নির্মাণ করা হচ্ছে— যা অত্যন্ত উদ্‌বেগজনক।

বিআইপির মতে, সমুদ্রসৈকতের বালিয়ারি, প্রাকৃতিক বালুর স্তর ও উপকূলীয় উদ্ভিদ কেবল সৈকতের সৌন্দর্যের অংশ নয়, এগুলো ঝড়, জলোচ্ছ্বাস ও কূল ভাঙনের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা ব্যূহ হিসেবে কাজ করে। এই সংবেদনশীল বালিয়ারি কেটে সড়ক নির্মাণ করা হলে দীর্ঘমেয়াদে কক্সবাজারের উপকূলীয় সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা চরম হুমকির মুখে পড়বে।

পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ECA) উন্নয়নকাজের আইনগত বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে সংগঠনটি প্রশ্ন তোলে, প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র (ECC) নেওয়া হয়েছে কিনা। বিকল্প স্থান বা নকশা থাকা সত্ত্বেও কেন উপকূলের প্রাকৃতিক খাল ধ্বংস করে এই অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো, তা স্পষ্ট করার আহ্বান জানানো হয়।

বিআইপি অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ রেখে পরিবেশগত অনুমোদন পর্যালোচনা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বালিয়ারি অক্ষুণ্ন রেখে পরিবেশবান্ধব বিকল্প পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানিয়েছে। পুনর্মূল্যায়নে প্রকল্পটি পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে তা চূড়ান্তভাবে বাতিলের আহ্বান জানানো হয়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট