চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক আটক 

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক আটক 

কাপ্তাই সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে কাপ্তাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এই সার ও ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ৩৬ বস্তা ইউরিয়া সারের মোট পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। তল্লাশিকালে এসব সারের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে মজুত অথবা পাচারের উদ্দেশ্যে এই সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি। বর্তমানে আটককৃত সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট