জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের স্মৃতি বিজড়িত রাউজানের হাজী বাড়ির ‘নজরুল স্মরণ’ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হাফেজ বজলুর রহমান সড়কের সম্মুখে হাজী বাড়ির সামনে অবস্থিত ‘নজরুল স্মরণ’ স্মৃতি স্তম্ভে হাজী বাড়ির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন দৈনিক পূর্বকোণ লিমিটেডের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
শ্রদ্ধা নিবেদনকালে দৈনিক পূর্বকোণ লিমিটেডের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, “১৯৩৩ সালে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম হাজী বাড়িতে এসে এই বাড়িকে ধন্য করেছেন। এই বাড়ি ঐতিহ্যবাহী হিসেবে সমাদৃত এবং কবির স্মৃতি ধরে রাখা সকলের কর্তব্য”।
ঐতিহাসিক তথ্যে জানা যায়, ১৯৩৩ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তৃতীয়বারের মতো চট্টগ্রাম এলে এই হাজী বাড়িতে অবস্থান করে এক সাহিত্য সম্মেলনে যোগদান করেছিলেন। সেই সাহিত্য সম্মেলনে প্রধান আকর্ষণ ছিল কবি গান ও আবৃত্তি। কবির এই স্মৃতি রক্ষায় ২০০০ সালে চট্টগ্রাম জেলা প্রশাসক এই হাজী বাড়ির সম্মুখে, হাফেজ বজলুর রহমান সড়কের পাশে ‘নজরুল স্মরণ’ নামের একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করে। এছাড়া ২০০৫ সালে এই বাড়িতেই নির্মাণ করা হয় কবি নজরুল স্মৃতি পাঠাগার, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দি পূর্বকোণ লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী।
শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জানে আলম জামাল, ঢেউয়া হাজী পাড়া সমাজ পরিচালনা যুব কমিটির সভাপতি মুহাম্মদ আলী হামজা, আবু তাহের সওদাগর, মাওলানা জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম শাহাদাত, তৌহিদুল ইসলাম শিবলু, শাহ আলম তালুকদার, মুহাম্মদ রাসেল, মাহাবুল আলম, ওহিদুল আলম, নাঈম, আলভী, তামিম, শাকিল, আমিন, রিয়াদ, মুকতার, আবদুল্লাহ, আতিক, জিসান, শাহরুক, আরিক, শাফিম, সানিম এবং আলভী।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















