কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ৮-৯ জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র লোক প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতর ঢুকে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে বাড়ির ভেতর অবৈধ অস্ত্র ও মালামাল আছে দাবি করে তল্লাশির কথা জানিয়ে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে তিনটা থেকে ৪টা পর্যন্ত উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলীর বিল এলাকার নুরুল আমিনের বসতবাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা নুরুল আমিন জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সাড়ে তিনটার দিকে বাড়ির মূল ফটকে আঘাতের শব্দ শুনে বেডরুমের দরজা খুলে বের হই। এ সময় ৫-৬ জন মুখোশ পরিহিত লোককে সশস্ত্র অবস্থায় বাড়ির ভেতরে করিডোরে দেখতে পেয়ে আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের অভয় দিয়ে বলেন, আপনাদের বাড়ির ভেতর অবৈধ অস্ত্র ও মালামাল আছে। আমরা তল্লাশি করব। তার আগে আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো নিজেদের হেফাজতে নিয়ে নিন। তখন আমি আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয়ার পর তারা (সশস্ত্র ডাকাতদল) আমাদেরকে বাড়ির ভেতর পার্শ্ববর্তী অন্য একটি রুমে নিয়ে আটকে রাখে। এ সময় আটকে রাখা রুমের দরজার ফটক দিয়ে দেখতে পাই, আমার বাড়ির মূল ফটকের দরজাটি ভাঙা এবং বাইরেও ২-৩ জন মুখোশ পরিহিত সশস্ত্র লোক অবস্থান করছেন।
ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা নুরুল আমিন আরও বলেন, কিছুক্ষণ পর সশস্ত্র মুখোশ পরিহিত ব্যক্তিরা (সশস্ত্র ডাকাতদল) আমাদের রুমে এসে নিজেদের হেফাজতে নেওয়া নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে বলেন, মূলত: এগুলোর জন্যই আমরা এখানে এসেছি। পরে তারা বাড়ি থেকে বের হয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান গৃহকর্তা নুরুল আমিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিলে বসতবাড়িতে ডাকাতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে থানায়ও কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

















