চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে জোড়া মৃত্যুর উত্তাপ: পুলিশের আশ্বাসে অবরোধ শেষ, সালমানের জানাজা শনিবার

কক্সবাজারে জোড়া মৃত্যুর উত্তাপ: পুলিশের আশ্বাসে অবরোধ শেষ, সালমানের জানাজা শনিবার

কক্সবাজার সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ

পুলিশের নিরপেক্ষ তদন্ত ও শাস্তির আশ্বাসে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় দুই ঘণ্টার সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। হোটেল রেনেসাঁর বারে রাশেদ হত্যাকাণ্ডে জড়িত না থাকার দাবি এবং গণপিটুনিতে নিহত মোহাম্মদ সোলাইমান প্রকাশ সালমানের (২৮) ‘হত্যাকাণ্ডের’ বিচার দাবিতে এই সড়ক অবরোধ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন সালমানের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে বিক্ষোভকারীরা দাবি করেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় সালমান ঘটনার সাথে জড়িত ছিলেন না; বরং তিনি নিহত রাশেদের বন্ধু হিসেবে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাকেই মূল অপরাধী সাজিয়ে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শহরের ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে কথা-কাটাকাটির জেরে নাজিবুল হক রাশেদ (২৯) নামের এক যুবক খুন হন। ওই ঘটনার পর পরই রাশেদের স্বজনেরা অভিযুক্ত হিসেবে সোলাইমান প্রকাশ সালমানকে আটক করে বেধড়ক মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সালমানের মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে সালমানের মরদেহ কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকার নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় শহরের এস এম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার আসরের নামাজের পর নতুন বাহারছড়ার তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা মাঠে নিহত রাশেদের জানাজা সম্পন্ন হয় এবং জুমার নামাজের পর রাশেদ হত্যার বিচারে শহরে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট