রাঙামাটির কাপ্তাইয়ের সুউচ্চ সীতার পাহাড়ে বেড়াতে এসে আটকা পড়া চট্টগ্রামের চারজন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুরু করে প্রায় দেড় ঘণ্টার এক উদ্ধার অভিযানে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হয়।
জানা যায়, চট্টগ্রাম থেকে মো. রবিউল আলম (২২), সাইফুদ্দিন এমদাদ (২৫), মো. মামুন (২০) এবং মোস্তফা হাসেম সোহাগ (২৪) নামের চার বন্ধু শুক্রবার দুপুর ৩টার দিকে কাপ্তাইয়ের সীতার পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড়ের উপরে ওঠেন। কিন্তু পরবর্তীতে পাহাড়ে অতিবৃষ্টি হওয়ার কারণে পুরো পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হলে এবং নিচে নামার কোনো উপায় খুঁজে না পেয়ে চার পর্যটক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চান। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রেজাউল করিম জানান, খবর পাওয়ার পর তারা প্রায় দেড় হাজার ফুট সুউচ্চ পাহাড় থেকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধারকাজের সময় কাপ্তাই বন বিভাগের বিট কর্মকর্তা মিঠু তালুকদারসহ এলাকার স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
পাহাড় থেকে নামার সময় মোস্তফা হাসেম সোহাগ নামের এক পর্যটক কিছুটা আহত হয়েছেন। উদ্ধার হওয়া পর্যটকেরা জানান, ফায়ার সার্ভিস সময়মতো উদ্ধার না করলে তারা বড় ধরনের বিপদে পড়তে পারতেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















