কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মেরিনড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে ৫ হাজার ২ শ পিস বার্মিজ ইয়াবাসহ মোসাম্মৎ শাবনুর (২৮) নামের এক নারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ৩৪ বিজিবির অধীন রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক শাবনুর টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাসিন্দা মো. রাসেলের স্ত্রী।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় যাত্রী মোসাম্মৎ শাবনুরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে তার শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি ওই নারীর কাছ থেকে একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দ করা মোবাইল ফোনসহ মোট মূল্য ১৫ লাখ ৯১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আটককৃত শাবনুরের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















