চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার, স্কুল শিক্ষার্থী উদ্ধার

অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার, স্কুল শিক্ষার্থী উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৬ | ৮:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে জয়ন্ত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সন্দ্বীপ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সন্দ্বীপের সন্তোষপুর এলাকা থেকে শিক্ষার্থীকে নিয়ে জয়ন্ত দাস চলে যান বলে অভিযোগ ওঠে। এরপর থেকে ছাত্রীর পরিবারের সদস্যরা উগ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

একপর্যায়ে বিষয়টি সন্দ্বীপ থানা পুলিশকে জানানো হলে এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে জয়ন্ত দাসকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, স্কুলছাত্রীকে উদ্ধারের পর ঘটনার প্রকৃত কারণ এবং তার সঙ্গে কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর বক্তব্য, চিকিৎসা, পরীক্ষা ও তদন্তের অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থীকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। তবে এ ঘটনায় ধর্ষণের অভিযোগ বা যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। 

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার  জানিয়েছেন, গ্রেপ্তার জয়ন্ত দাসের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট