চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে চুরি হওয়া ২৭ ফোন উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরসরাইয়ে চুরি হওয়া ২৭ ফোন উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরসরাই সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৬ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে জশনে জুলুসে অংশ নেওয়া মানুষের কাছ থেকে চুরি হওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মোবাইল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) বিকেল ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করে জোরারগঞ্জ ও মিরসরাই থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ‘এডিএম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মো. জসিম উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া।

 

এরপর একই দিন রাতে উপজেলার ডাকবাংলো এলাকায় মহাসড়কে পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরসরাই থানা পুলিশ। সেখান থেকে আরও ১৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চোরাই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বৈন বলেন, ‘দুই থানার পৃথক অভিযানে জশনে জুলুস থেকে চুরি হওয়া মোট ২৭টি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

জোরারগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন পৃথক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট