চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমির জায়গায় ঘর নির্মাণ করে দখলের চেষ্টা ভেস্তে দিয়েছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পদুয়া এলাকায় অভিযানে নির্মাণাধীন অবৈধ ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের পদুয়া হরিহর এলাকায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র সংরক্ষিত বনভূমি দখল করে স্থায়ী ঘর নির্মাণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগের বিট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটির নির্মাণ কাজ বন্ধ করে ও সেটি ভেঙে ফেলা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করল বনবিভাগ।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সরকারি বনভূমি দখল কিংবা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
পূর্বকোণ/আরআর

















