চট্টগ্রাম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লাল সংকেত উপেক্ষা করে সৈকতে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

লাল সংকেত উপেক্ষা করে সৈকতে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে গিয়ে ইয়াছিন খাঁন (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাগরে তলিয়ে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম (২৩) নামের অন্য এক তরুণ নিখোঁজ রয়েছেন। তারা উভয়েই ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা।

 

বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি (জলতরঙ্গ পয়েন্ট সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আজমল হোসেন।

 

পুলিশ ও সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা যায়, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচ বন্ধুর একটি দল সকালে কক্সবাজার পৌঁছায়। হোটেলে মালামাল রেখে দুপুরে তারা সবাই মিলে সৈকতে গোসলে নামেন। এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা টাঙানো ছিল। তবে সেই সতর্কতা উপেক্ষা করে সাগরে নামার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের প্রবল ঢেউ ও টানা স্রোতে পাঁচজনই বিপদে পড়েন।

 

এ সময় দলের বাকি তিন সদস্য প্রাণপণ চেষ্টা চালিয়ে কূলে উঠতে সক্ষম হলেও, ইয়াছিন ও ইব্রাহিম পানির নিচে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গুপ্ত গর্তে পড়ে তলিয়ে যান। সহযাত্রীদের চিৎকার শুনে লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে সাগরে নিখোঁজ পর্যটক ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যরা যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছেন।

 

টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজ পর্যটকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি সাগরে নিখোঁজ তরুণকে উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট