টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ইয়াবা জব্দ করা হয়েছে ।
বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকায় পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার খবরে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পাহাড়ের গভীরে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগজিনসহ), ২টি আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, সাবরাং এলাকায় কোস্ট গার্ড আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও মাদকের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/আদর/পারভেজ

















