চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে মো. মিজানুর রহমান (৩৫) চট্টগ্রামের বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।
মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসা ব্যয় বিলের জন্য লাশ পরিবারের আর্থিক অসচ্ছলতায় দাফন করতে না পারার খবর দৈনিক পূর্বকোণে “সাড়ে ৩০ লাখ টাকা বিলে ১১ লাখ পরিশোধ, বাকি বিলের জন্য আটকে আছে যুবদল নেতার লাশ” প্রকাশ হয়। এই খবর রাঙ্গুনিয়ার এমপি হুমাম কাদের চৌধুরীর দৃষ্টি গোচর হলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিজের এবং তার সহধর্মিণী সামানজার খানের ব্যক্তিগত প্রচেষ্টায় বিল পরিশোধে করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। দাপ্তরিক কার্যক্রম শেষে লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এমপি ব্যক্তিগত সচিব- মহিবুল কবির তমাল।
উল্লেখ্য, নিহতের ভাই মো. এনাম জানান, নিহত মিজান বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির তৃতীয় সাইকেল শেষ করে ৪র্থ সাইকেলে চিকিৎসাধীন অবস্থায় মোট চিকিৎসা খরচ বাবদ ৩০ লাখ ৫৯ হাজার ৬৪৭ টাকা বিল আসে। পরিবার এরমধ্যে ১১ লাখ টাকা পরিশোধ করে। আরো ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে বলে জানান। কিন্তু আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে মৃত্যু বরণ করলে বিল পরিশোধের অনিশ্চয়তায় লাশ হাসপাতাল থেকে দাফন কাফন করতে পারছিলেন না।
তার বন্ধু ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাশ হাসপাতাল থেকে বিল পরিশোধের জন্য পুরো দিনে প্রায় দশলাখ টাকা সংগ্রহ করে বলে জানান স্থানীয় যুবক আবু বকর।
তার অকাল মৃত্যুতে সাংসদ হুমাম কাদের চৌধুরি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার জন্য ধন্যবাদ দেন এমপি। এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন।
তার নামাজে জানাজা বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মোগলহাট কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে জানান তার পরিবার।
তার স্ত্রী ও তিন বছরের একটি ছেলে রয়েছে। তিনি রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















