চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

চকরিয়া সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।

নিহতের শাশুড়ি সাজেদা বেগম ও ননদ সুমি আক্তার জানান, মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ছোট শিশুকন্যাকে খাবার খাওয়ানোর সময় মারধর করেন। এ ঘটনায় মন খারাপ করে তিনি বাথরুমে ঢুকে পড়েন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং যৌতুকের জন্য সাদিয়াকে হত্যা করা হয়েছে।

নিহতের খালা সফুরা বেগম অভিযোগ করে বলেন, সাদিয়ার স্বামী মোহাম্মদ সোহেল বিদেশ যাওয়ার জন্য গত কয়েক দিন ধরে শ্বশুরবাড়ির কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে পরিবারের পক্ষ থেকে করা এ অভিযোগের বিষয়ে স্বামী বা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার সার্বিক তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট