‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর বিশ্ব হবে জ্ঞানদীপ্ত ও এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) লড়াই। নতুন প্রজন্মের সামনে সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। তোমরাই একদিন দেশের হাল ধরবে। পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তোমাদের ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতী শিক্ষার্থীর জন্যে এই সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
এমপি এরশাদ উল্লাহ বলেন, এটিই একমাত্র সাফল্য নয়। জীবনের অন্যান্য ধাপে অগ্রগামী হওয়ার অনুপ্রেরণা মাত্র। সামনে বিশাল পথ পড়ে রয়েছে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যাবোধে আলোকিত মানুষ হতে হবে। সমাজের জন্য তোমাদের অনেক দায়িত্ব আছে। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে পথ দেখাতে হবে। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কৃতী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।
কোরান তেলোয়াত, গীতা পাঠ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন বাউল মোজাহের ও উদীয়মান কৃতী শিল্পী উম্মে কাউছার নিঝুম।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















