চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গৃহবধূকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

গৃহবধূকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৬ | ৯:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—নিহত জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন এবং শ্বশুর শেখ আহম্মদ। তারা মামলার এজাহারনামীয় যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি। জেরিন মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিন আক্তারকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোরপূর্বক বিষ পান করান বলে জেরিনের পরিবার অভিযোগ তুলেন। গুরুতর অসুস্থ অবস্থায় জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নিহত জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদ অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল হালিম।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট