কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে মদসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সোনা মিয়ার ছেলে সেলিম মিয়াকে চোলাই মদসহ নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা যায়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অপরাধের দায়ে সেলিম মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















