চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মো. মিজানুর রহমান (৩৫) চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুর ৯ ঘণ্টা অতিবাহিত হলেও হাসপাতালে চিকিৎসা ব্যয় বিলের জন্য লাশ দাফন করতে পারছে না পরিবার।
নিহতের ভাই মো. এনাম জানান, মিজান বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় কেমো থেরাপির তৃতীয় সাইকেল শেষ করে চতুর্থ সাইকেলে চিকিৎসাধীন অবস্থায় মোট চিকিৎসা খরচ বাবদ ৩০ লাখ ৫৯ হাজার ৬৪৭ টাকা বিল আসে। পরিবার এরমধ্যে ১১ লাখ টাকা পরিশোধ করে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও ১৯ লাখ ৫৯ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে বলে জানান। বিল পরিশোধের অনিশ্চয়তায় লাশ হাসপাতাল থেকে দাফন-কাফন করতে পারছে না পরিবার।
মিজানের স্ত্রী ও তিন বছরের একটি ছেলে রয়েছে। তিনি রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
মিজানুর রহমানের পরিবার ও স্বজনরা জানান, এরইমধ্যে সাধারণ জনগণ অনেক সাহায্য দিয়েছেন। সম্পূর্ণ বিল পরিশোধ করতে সবাইকে ০১৮৩৮২৩১১০৬ বিকাশ পার্সোনাল ও সোনালী ব্যাংক, চন্দ্রঘোনা শাখা সাথী আকতার ৫৪০৬৪০১০০৭২৪১ এই নম্বরে পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার অনুরোধ জানানো হয়েছে। বিল পরিশোধ করে লাশের দাফন ও কাফন করতে সবাইকে সাহায্যের আবেদন করা হয়। তার চিকিৎসার জন্য দেশ ও প্রবাস থেকে চিকিৎসার সাহায্যে ইতিমধ্যে অনেকে এগিয়ে এসেছেন।
পূর্বকোণ/নুসরাত/এএইচ

















