চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৬ | ৮:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এসএমজি এবং ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সামসুন নাহার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা শামসুল আলমের মেয়ে।

র‌্যাব-১৫ এর মিডিয়া অফিসার আ.ম ফারুক ২৪ আগস্ট সন্ধ্যায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‌্যাব সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়ের পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার গোপন সংবাদ পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এসএমজি (সাব মেশিন গান) উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এই অস্ত্রের মালিকানা বা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

একই দিন অপর একটি অভিযানে টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র‌্যাব। সেখানে উপস্থিত সাক্ষীদের সহায়তায় সামসুন নাহারকে আটক করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক তার শয়নকক্ষ তল্লাশি করে মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র, তাজা গুলি এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট