চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে প্রাণ গেল জামাতার

কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে প্রাণ গেল জামাতার

কুতুবদিয়া সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৬ | ৪:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে মাহিন্দ্রার ধাক্কায় নিহত হয়েছেন জামাতা নুরুল ইমতিয়াজ (৪৫)। নিহত নুরুল ইমতিয়াজ উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার বাসিন্দা ও মৃত মনিরুজ্জামানের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া টেংরার কোণ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরিবার সূত্র জানায়, গত কয়েকদিন আগে ইমতিয়াজের শ্বশুর রহমত উল্লাহ মারা যান। সোমবার তার কুলখানির আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষ্যে সকালে ধুরুং বাজার থেকে মাংস, ডেক্সিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে অটোরিকশাযোগে মনু সিকদার পাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন ইমতিয়াজ। পথিমধ্যে আজিম উদ্দিন সিকদার পাড়া টেংরার কোণ সংলগ্ন বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ি তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। স্বজনরা চট্টগ্রামে নেওয়ার পথেই গতকাল দুপুরে মৃত্যু হয় তার।

 

এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট