চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পোর ঘর্ষণে খুলে পড়ে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের দরজা। এসময় ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইন ঘেঁষে পার্কি করা একটি সিএনজিচালিত টেম্পোর সাথে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণ হয়। এতে টেম্পোর একাংশ কেটে গেছে। একই সাথে ট্রেনটি একটি দরজা খুলে পড়েছে। এসময় ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রেললাইন ঘেঁষে গাড়ি পার্কিং করে রাখার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। টেম্পোটি সাথে লেগে ট্রেনের বেশকয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। বোয়ালখালীতে খুলে পড়া দরজা উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে ‘
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার আনোয়ারুল তারেক বলেন, ‘ঘর্ষণের ফলে বিরতিহীন ট্রেনটির ৬টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ট্রেনে থাকা শিশুসহ ২ জন যাত্রী আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো ফ ১১-০৪১৬) ও খুলে পড়া ট্রেনের দরজাটি আমরা হেফাজতে রেখেছি। রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসে সোমবার দুপুর পৌনে ১টার সময় গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে।
স্থানীয়রা জানান, গত দুইদিনে একই স্থানে পার্কিং করা একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটর সাইকেল ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে গিয়েছিল।
পূর্বকোণ/পিআর

















