চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. মনছুর আলম (৩২) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পশ্চিম কদমতলী ১ নং ওয়ার্ডের কাটাখালী এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

‎ সৌদি প্রবাসী তার বন্ধু ইউসুফ আলী জানান, শনিবার (২২ আগস্ট) সৌদি আরব সময় বিকাল ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎জানা যায়, কাজ শেষে বাসার নিকটে রিয়াদ বিমানবন্দর এয়ারমুখ বুরগাথা এলাকায় তাদের বহনকারী মোটরকার পার্কিং করার সময় পেছন থেকে আসা সৌদি যুবকের দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দিলে মনছুর ও অন্য এক বাঙালি দুর্ঘটনায় আহত হন। এতে মনছুর আলম নিহত হলেও অন্যজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে প্রেরণ করা হবে বলে জানান বন্ধু ইউছুপ আলী।

‎এদিকে তার প্রতিবেশী মাওলানা নাঈম উদ্দিন জানান, গত নয় বছর যাবৎ সৌদি আরবের রিয়াদে প্রবাস জীবন অতিবাহিত করে আসছেন। গত ১৫ মাস আগে বেড়াতে এসে দেশ হতে প্রবাসে ফিরে গিয়েছিলেন তিনি। তার স্ত্রী, ৩ বছরের ও ৯ মাসের ২টি ছেলে রয়েছে।

‎তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের আবহ বিরাজ করতে।

 

পূর্বকোণ/পারভেজ‎

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট