চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হোসেন প্রকাশ জঙ্গলী (৬৪), মো. নাজিম উদ্দিন (৩৯), আনোয়ারা বেগম (৩৫) এবং কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাবের হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মো. হোসেন প্রকাশ জঙ্গলী, মো. নাজিম উদ্দিন ও আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলায় জাবের হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ জঙ্গলী রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ২ নম্বর ওয়ার্ডের গোডাউন পানি শোধনাগারের পূর্ব পাশের এলাকার মৃত জালাল আহমদের ছেলে। মো. নাজিম উদ্দিন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী গোট্টা এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে। বর্তমানে তিনি ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম কামাল মেম্বার কলোনীতে বসবাস করেন। আনোয়ারা বেগম নাজিম উদ্দিনের স্ত্রী এবং একই ঠিকানার বাসিন্দা।
অন্যদিকে, জাবের হোসেন কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আধুর পাড়ায় বসবাস করেন। তিনি ওই এলাকার জাফর আহমদের ছেলে। জাবের হোসেন কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ

















