চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় স্কুল ছাত্রকে অপহরণ চেষ্টার জেরে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

লোহাগাড়া সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) স্কুল থেকে অপহরণের চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের একটি দল। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন  তার সহকর্মী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।

 

ফুটেজে দেখা যায়, স্কুলের ছাত্র আবদুল্লাহকে (১৫) স্কুল গেইট থেকে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। এরপর দ্রুত বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনার সঙ্গে জড়িত আয়ানকে আটক করেন। তবে ততক্ষণে আবদুল্লাহকে মারধর করা অন্য কিশোরেরা পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু থানা কর্তৃপক্ষ আবদুল্লাহ ও আয়ান দুইজনকেই তাদের হেফাজতে রাখে। সারাদিন নানা নাটকীয়তার পর রাতে দুই পরিবার, স্কুলের শিক্ষক ও স্থানীয় এক যুবদল কর্মীর সহায়তায় আটক দুইজনকে সমঝোতার মাধ্যমে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৩ আগস্ট) ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কল রেকর্ডে নিজেকে ডেভিড জিহাদ নামে পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের মোবাইলে কল দেওয়া ঐ ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি করে দেখাই যে, আমি করে তারপর বলি যে, আমি ডেভিড জিহাদ। আপনি থানায় গিয়ে মামলা দেন। আপনার ফ্যামেলির প্রত্যেকটা মানুষ, আপনার ছেলে … আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, বুঝছেন?’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, ‘স্কুলের নিরাপত্তার স্বার্থে আমরা প্রথমে বিষয়টি থানাকে অবহিত করি। ছেলেগুলো ছোট হওয়ায় এবং তাদের অভিভাবকেরা ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে নিশ্চয়তা দেওয়ায় থানায় বসে আমরা সমঝোতায় এসেছি। তবে হুমকির ঘটনার পর থেকে আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’

 

জানা গেছে, যে ফোন নম্বর থেকে ওই হুমকি দেওয়া হয়েছিল, সেটির মালিক লোহাগাড়ার বার আউলিয়া কলেজের শিক্ষার্থী রিপন। তবে রিপনের দাবি, জিহাদ নামের ওই ব্যক্তি তার পরিচিত। তিনি তার মোবাইল ফোন নিয়ে কাউকে কল করেছিলেন। তবে কেন এবং কাকে ফোন করেছিলেন, তা তিনি জানেন না।

 

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোহাগাড়ায় স্কুলশিক্ষার্থী নিয়ে একটি ঘটনা ঘটেছে। তবে ‘ডেভিড জিহাদ’ পরিচয়ে দেওয়া হুমকির বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা কল রেকর্ডের কথা তিনি অবগত নন।

 

পূর্বকোণ/মিনহাজ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট