দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে বালাদেশে ফেরার পথে কাতার যাওয়ার পথে মাঝ আকাশের বিমানে ভেতরে অসুস্থ হয়ে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার পর পথে আকস্মিক তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তিনি মোজাম্বিকে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তার মরেদহ কাতার এয়ারপোর্ট এলাকায় রয়েছে বর্তমানে। দেশে ফিরতে বিভিন্ন প্রক্রিয়ায় কার্যক্রম ছেড়ে আরো দুইদিন সময় লাগবে।
মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানে আকস্মিক মৃত্যু হওয়া জসিমের বড় ভাই মোহাম্মদ ইউনুছ বলেন, ছোট ভাই দেশের উদ্দেশে মোজাম্বিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মাঝ আকাশে বিমানেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। পরে বিমানটি কাতার বিমানবন্দরে পৌঁছালে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। শনিবার সকালে তার মরদেহ কাতার এয়ারপোর্ট হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। কাতার পুলিশি কার্যক্রম সম্পন্ন করে আরো দুদিন পর লাশ বাংলাদেশে পৌঁছাবে বলে নিহত পরিবার সূত্রে জানা গেছে।
জসিম উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো এলাকায় বসবাস করতেন। সেখানেই কুরুমানার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছের ছোট ভাই তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/পিআর


















