একটি পুরোনো সাদাকালো ছবি। সঙ্গে চার দশকেরও বেশি সময় আগের পাসপোর্টের একটি ফটোকপি। এই সামান্য দুই স্মৃতিচিহ্ন নিয়েই ৪৫ বছর পর নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা গোমেজ। তার শৈশব কেটেছে ইউরোপের এক ডাচ পরিবারে। সেখানে পেয়েছেন ভালোবাসা, নিরাপদ জীবন, শিক্ষা ও প্রতিষ্ঠা। তবু মনের ভেতর থেকে মুছে যায়নি একটি প্রশ্ন, কোথায় তার জন্মদাতা মা-বাবা? আছে কি কোনো ভাই-বোন, যারা আজও অপেক্ষায় আছেন তার ফিরে আসার?
১৯৮১ সালে সেলিনার বয়স যখন মাত্র দেড় বছর, তখন এক ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। এরপর সেখানেই তার বেড়ে ওঠা। সময়ের সঙ্গে বদলেছে জীবন, পরিচয় ও ঠিকানা। ডাচ ভাষা ও ইংরেজিতে কথা বলা সেলিনা এখন নেদারল্যান্ডসের নাগরিক। কিন্তু নিজের জন্ম পরিচয়ের শূন্যতা তাকে বারবার ফিরিয়ে নিয়েছে অতীতের কাছে।
শৈশবের কোনো স্মৃতি তার মনে নেই। জন্মদাতা মা-বাবার চেহারাও অচেনা। শুধু পুরোনো পাসপোর্টের ফটোকপিতে পাওয়া দুটি নাম, মা হেলেনা গোমেজ, বাবা বেনেডিক্ট গোমেজ। এই নাম দুটিই এখন তার কাছে হারিয়ে যাওয়া পরিবারের সন্ধানের একমাত্র সূত্র।
পুরোনো নথির সূত্র ধরে গ্রামে গ্রামে
নিজের জন্মভূমির টানে এর আগেও বাংলাদেশে এসেছিলেন সেলিনা। সর্বশেষ গত ২৮ অক্টোবর আবারও দেশে আসেন। এবার তাঁর অনুসন্ধান আরও সুসংগঠিত। কক্সবাজারের স্থানীয় ভ্রমণ-সহকারী ও অনুবাদক রাসেল আলমকে সঙ্গে নিয়ে শুরু করেছেন জন্মদাতা পরিবারের খোঁজ।
চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। নিজের পুরোনো ছবি ও পরিচয়সংবলিত লিফলেট বিলি করছেন। মানুষের কাছে জানতে চাইছেন হেলেনা গোমেজ ও বেনেডিক্ট গোমেজের পরিবারের কোনো সন্ধান জানা আছে কি না। ভাষার ব্যবধান থাকলেও থেমে নেই তাঁর চেষ্টা। ভাঙা ভাঙা ইংরেজিতে নিজের পরিচয় তুলে ধরে খুঁজছেন হারিয়ে যাওয়া শেকড়।
সেলিনার এই অনুসন্ধানের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে ছড়িয়ে পড়ার পর সামনে আসে নতুন একটি সূত্র। চকরিয়ার স্থানীয় বাসিন্দা আবু হানিফ ওরফে আবু সৈয়দ তার সঙ্গে যোগাযোগ করে দাবি করেন, সেলিনাই তাঁর হারিয়ে যাওয়া ছোট বোন।
৪৫ বছরের অপেক্ষার উত্তর কি মিলবে ডিএনএ পরীক্ষায়?
আবু হানিফের দাবিতে নতুন করে আশার আলো দেখছেন সেলিনা। তবে আবেগ কিংবা স্মৃতির ওপর নির্ভর করে রক্তের সম্পর্ক নিশ্চিত করতে চান না তারা। এ জন্য সেলিনা ও আবু হানিফের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পরই তাদের মধ্যে জৈবিক সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
সেলিনা বর্তমানে ডিএনএ পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন। আরও ১০ থেকে ১৫ দিন কক্সবাজারে থাকার পরিকল্পনা রয়েছে তার। ফল ইতিবাচক হলে ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে পারে। ফিরে পেতে পারেন জন্মদাতা পরিবারের সদস্যদের। আর ফল নেতিবাচক হলেও অনুসন্ধান থামাতে চান না তিনি। অন্য কোনো সূত্র ধরে খুঁজে যাবেন নিজের আসল পরিবারকে।
একটি পরিবারের অপেক্ষা, একটি পরিচয়ের সন্ধান
সেলিনার এই যাত্রা শুধু কয়েকটি নাম বা ঠিকানা খোঁজার গল্প নয়; এটি জন্মপরিচয় ও শেকড়ের টানে দীর্ঘদিনের অপেক্ষার গল্প। যে দেশে তার জন্ম, সেই দেশের ভাষা তাঁর অজানা; যে পরিবারের কাছে ফিরতে চান, তাদের মুখও তার চেনা নয়। তবু একটি পুরোনো ছবি আর দুটি নামকে অবলম্বন করে এগিয়ে চলেছেন তিনি।
হেলেনা গোমেজ কিংবা বেনেডিক্ট গোমেজের পরিবারের কারও কাছে যদি এ বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে সেলিনার অনুসন্ধানী দলের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭১৮-৬০৪৩৪৭।
এখন সেলিনার অপেক্ষা একটি পরীক্ষার ফলের। সেই ফল হয়তো তাকে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া পরিবারের কাছে, কিংবা খুলে দেবে অনুসন্ধানের নতুন কোনো দরজা। ৪৫ বছর পর বাংলাদেশে ফিরে তার একটাই চাওয়া, নিজের জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধান পাওয়া।
পূর্বকোণ/আরআর



















