চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি

আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

আগামী ২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশিদের জন্য কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। চলতি বছর এ কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
 
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
 
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে হজযাত্রীর কোটা বাড়ানোর অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
 
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন। সৌদি আরবের জেদ্দায়, ৯ নভেম্বর, ২০২৬। 
 
চুক্তি সইয়ের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতা সীমিত থাকায় হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোটা বাতিল হলে, সেই আসনগুলো বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
 
ধর্মমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সৌদি সরকার প্রস্তুত রয়েছে।
 
চুক্তি সই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ
 
 
অনলাইন ডেস্ক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট