চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে চাঁদা না পেয়ে প্রবাসীকে ছুরিকাঘাত, যুবদল নেতা গ্রেপ্তার

রাউজানে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে প্রবাসীকে ছুরিকাঘাত, যুবদল নেতা গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে চাঁদা না পেয়ে এক প্রবাসী ও তার সঙ্গীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক মোহাম্মদ বাবুল ওরফে এন এ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (৯ নভেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রাউজানের উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের কাছে গত কয়েক মাস ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। এ বিষয়ে ইলিয়াস রাউজান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

রবিবার (৮ নভেম্বর) রাত ৯টায় বিষয়টি মীমাংসার কথা বলে ইলিয়াসকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এ সময় ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে যায়। পরে আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

অভিযোগ রয়েছে, এ সময় ইলিয়াসের স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।
হামলাকারীরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইলিয়াসের স্ত্রী শাহনাজ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেছেন। মামলায় উত্তর জেলা যুবদলের সহসম্পাদক এন এ বাবুল ও উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক সরোয়ারসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার এনএ বাবুল উত্তর জেলা যুবদলের সহসম্পাদক। মামলার অপর নাম উল্লেখ করা আসামি সরোয়ার উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছে, উরকিরচর ইউনিয়নের প্রয়াত ইউনুচ ড্রাইভারের ছেলে এন এ বাবুলকে ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অন্যদিকে সরোয়ার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রবাসী ইলিয়াসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তাঁকে ও তার সঙ্গীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি এন এ বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট