কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ ১৫ দিনেও বন্ধ হয়নি। টানা ১৫ দিন পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো গ্যাসের স্তর নয়; মাটির নিচে বড় ধরনের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম জানান, টানা ১৫ দিন গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল এর স্থায়িত্ব ও ধারণক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া। পর্যবেক্ষণে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত রয়েছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। আগুন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে তা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। পরে গ্যাসের সঙ্গে পানি বের হতে থাকে এবং আগুন জ্বলে ওঠে। এরপর থেকে ঘটনাস্থলটি পর্যবেক্ষণে রাখেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
পূর্বকোণ/রানা/পারভেজ



















