বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ এবং রোহিঙ্গাসহ ১৮ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) রাতে আহত বিএনপি নেতা নুরুল আমিনের ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করেন।
মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরের কয়েকজন রয়েছেন।
মামলায় অভিযোগ কর হয়, হামলাকারীদের আঘাতে বিএনপি নেতা নুরুল আমিনের ডান চোখ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তার ৫টি দাঁত পড়ে গেছে। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মামলার আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন (৪৬), নিষিদ্ধ যুবলীগের সদস্য সরওয়ার কামাল (৪২), পালংখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলমগীর (২৮), হেলাল উদ্দিন (৪৩), মো. ইউছুপ (৪৮), সাবেক যুবলীগ নেতা নুরুল আকতার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান (২৪), ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত আল মোহাম্মদ নিশান (২৬), সন্ত্রাসী মনিয়া গ্রুপের প্রধান নুরুল হাকিম মনু (৪৮), ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবছার (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), মো. সাদ্দাম (৩০), স্থানীয় ওসমান গ্রুপের সহযোগী ও ছাত্রলীগ কর্মী হারুন রশিদ (২৩), খাইরুল আমিন (৪২), এজাজুল হাসান (১৯), নুর আলম (৬০) ও মো. সেলিম (৪৫)।
এদের মধ্যে খাইরুল আমিন, এজাজুল হাসান ও নুর আলম উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এবং মো. সেলিম ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এজাহার সূত্রে জানায়, গত ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর হামলা চালানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/রানা/পারভেজ




















