যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ শেষ হওয়ার জোরালো আশার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। গত আগস্ট মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
গত আগস্টের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এ সীমার নিচে নামল।
সর্বশেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৮৬ ডলারে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর গতি তৈরি হয়েছে। তবে একই সঙ্গে তিনি নতুন করে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর প্রভাবে তেলের দামও বেড়ে গিয়েছিল।
এখন যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিকভাবে তেল রফতানি শুরুর প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। সেই আশাবাদই তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ




















