চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে।

এসআরবি-৭ এর হাটহাজারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জানান, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পরে রোজির বড় ভাই আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রোজিকে জোর করে একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন আসামি আবদুল মান্নান ও নাছির। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে তাকে আবার ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সহযোগী দুই আসামির সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের পরিচয় গোপন করে মো. আজম নামে চলাফেরা করতেন। ২০০৪ সালের পর দীর্ঘ সময় তিনি ওমানে অবস্থান করেছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট