চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাজ্যের স্বীকৃতিতে বাংলাদেশী বিজ্ঞানী: জাহাজ চালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ড. সাজিদ হোসেনের বড় সাফল্য

যুক্তরাজ্যের স্বীকৃতিতে বাংলাদেশি বিজ্ঞানী: জাহাজ চালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ড. সাজিদে বড় সাফল্য

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ৩:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক সামুদ্রিক প্রকৌশল ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও একটি বড় গৌরবময় মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। বিশিষ্ট সমুদ্র-বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রাক্তন কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন (HonDSc MSc CEng CMarEng FIMarESt) স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ১৮তম আন্তর্জাতিক নৌপ্রকৌশল সম্মেলন ও আন্তর্জাতিক জাহাজ নিয়ন্ত্রণব্যবস্থা সিম্পোজিয়ামে (INEC/iSCSS 2026) তার যুগান্তকারী গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন।
 
আজ ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IMarEST London) কর্তৃক আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় ২৫টি দেশের ৩০০-এর বেশি বিশিষ্ট নৌপ্রকৌশলী, গবেষক ও শিল্প-বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। আগামী ১২ নভেম্বর ড. সাজিদ হোসেন তাঁর গবেষণাটি এই বিশ্বমঞ্চে উপস্থাপন করবেন।
 
গবেষণার বিষয়বস্তু ও মানবকেন্দ্রিক ‘Human-in-the-Loop’ মডেল
 
ড. সাজিদ হোসেনের উপস্থাপিত গবেষণাপত্রটির শিরোনাম- “Human-in-the-Loop AI for Safe and Intelligent Ship Control Systems” (নিরাপদ ও বুদ্ধিদীপ্ত জাহাজ নিয়ন্ত্রণব্যবস্থায় মানব-সম্পৃক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা)।
 
আধুনিক সামুদ্রিক শিল্পে প্রযুক্তি ও অটোমেশনের দ্রুত প্রসারের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেয়—মানুষের বিচারবুদ্ধি, জবাবদিহিতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কীভাবে জাহাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা সম্ভব?
 
গবেষণায় প্রস্তাবিত Human-in-the-Loop AI Framework-টি মূলতঃ একটি মানবকেন্দ্রিক পদ্ধতি। এটি জাহাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পেশাগত সিদ্ধান্ত গ্রহণে সহকারী হিসেবে রাখবে, কিন্তু মানুষের বিকল্প বা প্রতিস্থাপক হিসেবে নয়। এ প্রযুক্তির সাহায্যে নেভিগেশনাল তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি আগাম শনাক্তকরণ, যন্ত্রপাতির ত্রুটি পূর্বাভাস এবং জ্বালানি-সাশ্রয়ী প্রপালশন পরিচালনায় ক্রুদের সহায়তা করা সম্ভব হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, নৌচালনা ও নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব ও কর্তৃত্ব থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত মানব অপারেটরের হাতেই।
 
iSCSS 2026-এর মূল প্রতিপাদ্যে সরাসরি অবদান
 
চলতি বছরের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য হলো “Future-Proofing Secure, Smart and Sustainable Ship Control”—অর্থাৎ নিরাপদ, বুদ্ধিদীপ্ত ও টেকসই জাহাজ নিয়ন্ত্রণব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তোলা। ড. সাজিদ হোসেনের গবেষণাটি সরাসরি এ মূল প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আন্তর্জাতিক সামুদ্রিক খাতে জাহাজে AI ও স্বয়ংক্রিয় প্রযুক্তির নিরাপদ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
 
চার দশকের কর্মময় অভিজ্ঞতা ও আন্তর্জাতিক স্বীকৃতি
 
১৯৮০ সালে মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে সমুদ্রযাত্রা শুরু করেন ড. সাজিদ হোসেন। কর্মজীবনে চিফ ইঞ্জিনিয়ার পদে দায়িত্ব পালনের পর তিনি প্রায় তিন দশক ধরে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট-এর দায়িত্বসহ সামুদ্রিক শিক্ষা ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করে আসছেন।
 
আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচারণা ব্যাপক
 
জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-এর বিভিন্ন প্রযুক্তিগত কাজে অংশগ্রহণ।
সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির (WMU) সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা।
লন্ডনভিত্তিক সামুদ্রিক সংস্থা IMarEST-এ নির্বাহী ও প্রতিনিধিত্বমূলক ভূমিকা।
২৪টিরও বেশি প্রকাশিত গ্রন্থ ও গবেষণাপত্র এবং ২৫০টির মতো আন্তর্জাতিক প্রবন্ধ।
প্রায় ৬০টি বিএসসি, এমএসসি ও পিএইচডি গবেষণাকর্মের সফল তত্ত্বাবধান।
 
গবেষণায় ড. সাজিদ হোসেনের প্রধান ও স্পষ্ট বার্তা
 
“AI assists. Humans decide. Safety remains paramount.”(অর্থাৎ, AI সহায়তা করবে কিন্তু সিদ্ধান্ত নেবে মানুষ, আর নিরাপত্তাই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।)
 
জাহাজের ইঞ্জিনকক্ষ থেকে শুরু করে সামুদ্রিক শিক্ষা ও আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়—ড. সাজিদ হোসেনের এই দীর্ঘ নিরবচ্ছিন্ন যাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের মর্যাদা বৃদ্ধি করেছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট