রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা সদস্য পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে উপজেলার রাইখালী ইউনিয়নের একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে ওই যুবককে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
আটক ওই যুবক খাগড়াছড়ি জেলার মোহাম্মদ বাদশা মিয়ার পুত্র।
জানা যায়, রাইখালী বাজারে মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠানে গত চার মাস ধরে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে ওই যুবক।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, আটক যুবক জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পরিচয় দিয়ে গত চার মাস যাবৎ চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















