চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে

মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ৭:২৯ অপরাহ্ণ

লিওনেল মেসি পরবর্তী যুগে প্রবেশ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে সব প্রতিপক্ষেরই মাথাব্যথার কারণ ছিলেন সর্বকালের অন্যতম সেরা এই মহাতারকা। তবে সেই সময় এখন অতীত। আলবিসেলেস্তাদের বিপক্ষে মাঠে নামার আগে এখন আর সেরাদের সেরা মেসিকে নিয়ে পরিকল্পনা করতে হবে না কোনো দলকে।

আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে আর্জেন্টিনা। আর মেসিহীন আর্জেন্টিনার প্রীতি ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে। প্রতিপক্ষ দলের ‘বিশ্বসেরা’ তারকার মাঠে না থাকাটা বেশ আত্মবিশ্বাস দিচ্ছে উরুগুয়েকে। তারকায় ভরপুর আর্জেন্টিনাকে তাদের প্রধান খেলোয়াড় ছাড়াই মোকাবিলা করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

অন্যদিকে লা বোমবোনিখায় উরুগুয়ের সর্বশেষ জয়ের স্মৃতিচারণ করেছেন ফেদেরিকো ভালভের্দে। ফিফা আন্তর্জাতিক বিরতির ঠিক আগে, আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রীতি ম্যাচটি ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির অনুপস্থিতি।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে নিয়ে আরাউহো বলেন, শেষ পর্যন্ত তারা বিশ্বের সেরা খেলোয়াড়টিকে হারিয়েছে এবং আমরা এই সুযোগটি কাজে লাগাতে যাচ্ছি। তবে এর পাশাপাশি তিনি আর্জেন্টিনা দলের শক্তির কথাও স্বীকার করে নেন, তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে, অনেক প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে এবং তারা অত্যন্ত শক্তিশালী একটি দল।

এছাড়া, ফেদেরিকো ভালভের্দে লা বোমবোনিখায় দুই দলের শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, সেই ম্যাচে মার্সেলো বিয়েলসার অধীনে নিজেদের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়ে উরুগুয়ে ২-০ গোলে জয় পেয়েছিল। চোটের কারণে অক্টোবরের স্কোয়াডে না থাকা এই খেলোয়াড় এবার দলে ফিরেছেন।

ভালভের্দে সে রাতের পরিবেশের কথাও বিশেষভাবে তুলে ধরেন এবং একই রকম পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার ইচ্ছা প্রকাশ করে বলেন, খেলায় এবং আমার সতীর্থদের মধ্যে দারুণ এক শক্তি কাজ করেছিল। আমি মনে করি এটি আমাদের সবার জন্যই একটি অবিস্মরণীয় রাত ছিল এবং আমি আশা করি আমরা আবারও তেমন কিছু করতে পারব।

সবশেষ আরাউহো জানান, বোকার স্টেডিয়ামে শুক্রবার ১৩ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি নিয়ে লিভারপুলে তাঁর সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ইতোমধ্যে তার কথা হয়েছে। তিনি জানান, আর আমরা একে অপরকে একটু আধটু রসবোধের ছলে টিপ্পনীও কেটেছি।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন