ফলের মতো গাছের পাতার মধ্যেও রয়েছে বেশ কিছু উপকারী উপাদান। দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় পেয়ারা পাতা ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভোনয়েড ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদান শরীরের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যেমন-
লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণা অনুযায়ী, পেয়ারা পাতার নির্যাস ইনসুলিন প্রতিরোধ কমায়, অ্যাডিপোনেক্টিন রিসেপ্টর জিনের প্রকাশ বাড়ায় এবং লিভারে চর্বি জমা রোধ করে। এটি ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সরাসরি ভূমিকা রাখে।
হজমের সমস্যা কমাতে সহায়ক
হজমের সমস্যা নিয়ন্ত্রণে পেয়ারা পাতার ব্যবহার অনেক পিুরনো। বিশেষ করে ডায়রিয়া বা পাতলা পায়খানার ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে পেয়ারা পাতার নির্যাস ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, পেয়ারা পাতায় থাকা কিছু উপাদান অন্ত্রের কার্যকলাপ ও জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। যদিও গবেষণাটি প্রাথমিক অবস্থায় আছে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
পেয়ারা পাতায় থাকা কিছু উদ্ভিজ্জ উপাদান খাবার থেকে শর্করা শোষণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বর ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে। তবে ডায়াবেটিসের ওষুধের বিকল্প হিসেবে পেয়ারা পাতা ব্যবহার করা উচিত নয়।
ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী
পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এছাড়া পরীক্ষাগারে কিছু জীবাণুর বিরুদ্ধে পেয়ারা পাতার নির্যাসের কার্যকারিতাও দেখা গেছ্
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
পেয়ারা পাতায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
কীভাবে ব্যবহার করবেন?
পরিষ্কার পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে সেই পানি ছেঁকে পান করার প্রচলন রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণে পান করা উচিত নয়। বিশেষ করে যারা ডায়াবেটিসের ওষুধ খান, তারা নিয়মিত পেয়ারা পাতার নির্যাস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















